ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচন ২০২৬-এ বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধিকে প্যারিসে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রবাসী সাংবাদিকদের সংগঠন Paris Bangla Presse Club France-এর উদ্যোগে রবিবার সন্ধ্যায় ক্যাখসীমা-অবারভিলিয়ের বটতলা রেস্টুরেন্টে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে ফরাসি রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সংবর্ধিত জনপ্রতিনিধিবৃন্দ হলেন কৌশিক রাব্বানী (সাঁ-দেনি), নাহিদুল মোহাম্মদ (সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (ক্রেতেই), জুবায়েদ আহমেদ (ইভরি-সুর-সেন) এবং তানিয়া তনু (গার্জ-লে-গোনেস)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনায়েত সোয়েল এবং সঞ্চালনায় ছিলেন আহমেদ রাসেল।
বক্তারা বলেন, ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির এই সাফল্য শুধু প্রবাসীদের জন্য নয়, বাংলাদেশের জন্যও গর্বের। তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেই ধারাবাহিকতায় এখন রাজনৈতিক অঙ্গনেও তাদের সক্রিয় উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় ও স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিদের ভূমিকা আরও সুদৃঢ় হবে।
সম্মাননা প্রাপ্ত জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বহুসাংস্কৃতিক ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটি সম্প্রীতি, সহাবস্থান এবং নাগরিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।
