দোয়া চাইলেন শাহনূর

দোয়া চাইলেন শাহনূর

ফন্ট সাইজ:

এক সময়ের ব্যস্ত ঢালিউড চিত্রনায়িকা শাহনূর প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। জানা গেছে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই এক-দু’দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শাহনূর। সেখানে তিনি সবার কাছে দোয়া চেয়ে লিখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে যেন তাকে ক্ষমা করে দেয়া হয়। সবার কাছে দোয়া কামনা করেন তিনি। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লিখেন শাহনূর। তার বিশ্বাস, মানুষের দোয়াই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন