শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে পাল্লেকেলেতে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এক বলও গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া দু’দলই ছিটকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তাই বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে রানার্সআপ হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে জিম্বাবুয়ে।
সুপার এইট নিশ্চিত করতে গতকাল ম্যাচ ড্র করতেই চলতো জিম্বাবুয়ের। বিপরীতে, পরবর্তী পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের জন্য এটি ছিল ‘ডু অর ডাই’ ম্যাচ। অন্যদিকে, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে অস্ট্রেলিয়াও তাকিয়ে ছিল আইরিশদের জয়ের দিকে, যাতে তাদের সম্ভাবনাও মাঠে মারা না যায়। তবে ক্যান্ডিতে অবিরাম বর্ষণের ফলে এক বলও মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে উভয় দলের খাতায় যোগ হয় এক পয়েন্ট করে। ফলে ৪ ম্যাচ পর জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ৫ পাঁচ এবং এক ম্যাচ বেশি খেলে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে স্রেফ ২পয়েন্ট। তাই আগামী শুক্রবার ওমানের বিপক্ষে সাবেক চ্যাম্পিয়নদের শেষ ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার লড়াই। ওমানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা জিম্বাবুয়ে পরের পরের ম্যাচে স্মরণীয় জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। বৃষ্টির দাপটে যেই এক পয়েন্ট দরকার ছিল, সেটিও পেয়ে গেল সিকান্দার রাজার দল। ২০২২-এর পর এবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বার উতরালো প্রথম পর্ব।
২০০৯-এর পর এবারই প্রথম সীমিত সংস্করণের বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। সোমবার রাতে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে অজিদের হারিয়ে সুপার এইট নিশ্চিত করে শ্রীলঙ্কা। সেদি ম্যাচের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল বলেছিলেন, এখন তাদের হাতে আর কিছু নেই, সব সৃষ্টিকর্তার হাতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ড্রেসিং রুমের অবস্থার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘দলটি বেশ ভেঙে পড়েছে। সবাই খুব হতাশ এবং আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে স্টিভেন স্মিথ ও ম্যাট রেনশকে একাদশে সুযোগ না দিয়ে পানি টানানোর কাজ করানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তুঙ্গে।’ জিম্বাবুয়েকে নিয়ে নিশ্চিত হলো সুপার এইটের সাতটি দল। এর আগে পরবর্তী পর্বের টিকিট পায় ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আগামীকাল কলম্বোতে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘বি’ থেকে ইতিমধ্যে দু’টি দলই সুপার এইট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণে সে ম্যাচটি গুরুত্বপূর্ণ।
প্রবল বর্ষণে ডুবলো অস্ট্রেলিয়া, সুপার এইটে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
