এবারো ইংলিশ ফুটবলে থাকছে ইফতার বিরতি

এবারো ইংলিশ ফুটবলে থাকছে ইফতার বিরতি

ফন্ট সাইজ:

এবারও পবিত্র রমজান মাসে বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ ও ইংলিশ ফুটবল লীগ। মুসলিম খেলোয়াড়দের জন্য রোজা ভাঙার জন্য রাখা হবে স্বল্প সময়ের বিরতি।
চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আরবী রমজান মাস। ইসলাম ধর্মানুসারে, মুসলিমদের জন্য এ মাসজুড়ে রোজা রাখা ফরজ। যুক্তরাজ্যে রমজানের সময় সূর্যাস্ত হয় আনুমানিক বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে (জিএমটি)। মূলত শনিবারের বিকাল সাড়ে ৫টা ও রোববারের বিকাল সাড়ে ৪টার ম্যাচগুলোতে সংক্ষিপ্ত বিরতির প্রয়োজন হতে পারে। আগের বছরগুলোর মতোই ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা খেলার স্বাভাবিক বিরতির কোনো মুহূর্তে মুসলিম খেলোয়াড় বা কর্মকর্তাদের রোজা ভাঙার সুযোগ দেবেন। সংশ্লিষ্ট দল ও কর্মকর্তারা ম্যাচের আগে আলোচনা করে ঠিক করবেন বিরতি প্রয়োজন কি না এবং আনুমানিক কয়টা নাগাদ খেলা থামানো হবে। এ বিরতি দলীয় পানীয় বিরতি অথবা কৌশলগত টাইম-আউট হিসেবে কাউন্ট করা হবে না। তবে ম্যাচ চলাকালীন এ বিরতি দেয়া হবে না। গোল কিক, ফ্রি কিক অথবা থ্রো-ইনের মতো সুবিধাজনক সময়ের প্রথম বিরতিতেই খেলা থামানো হবে।
প্রিমিয়ার লীগে মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ করে দিতে দিতে সর্বপ্রথম ২০২১-এ আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু করা হয়। সে বছর এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে এমন বিরতি দেখা যায় প্রথমবার। ম্যাচটিতে প্রথমার্ধের প্রায় ৩০ মিনিট পর গোলকিকের সময় খেলা থামিয়ে রোজা ভাঙেন লেস্টার সিটির ওয়েসলি ফোফানা ও ক্রিস্টাল প্যালেসের শেইখু কুয়াতে। বিবিসি স্পোর্টকে ২০২৩-এ একটি সাক্ষাৎকারে এভারটনের সাবেক ও বর্তমানে সৌদি প্রো লীগের ক্লাব নেওম সিএসের মিডফিল্ডার আবদুলায়ে দুকুরে বলেন, ‘প্রিমিয়ার লীগে আপনি নিজের মতো করে চলতে পারেন। আপনার ধর্মবিশ্বাসের বিরুদ্ধে তারা কখনও কিছু করবে না। এটি সত্যিই দারুণ বিষয়।’ তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল জানিয়ে এ ফরাসি ফুটবলার তখন আরও বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে গেলে শেফ তখন আমাদের জন্য আলাদা করে খাবার প্রস্তুত করেন। যেন সব বাড়ির মতোই ঠিক থাকে। আমরা হালাল খাবার পাই, তাই কোনো সমস্যা হয় না।’
প্রিমিয়ার লীগে বর্তমানে খেলছেন, এমন মুসলিম ফুটবলারদের মধ্যে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ, ম্যানচেস্টার ইউনাটেডের আমাদ দিয়ালো, আর্সেনালের উইলিয়াম সালিবা, ম্যানচেস্টার সিটির রায়ান আইত-নুরিসহ আরও অনেকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন