ভারতীয় চ্যানেলে কথা ‘টুইস্ট’ করা হয়েছে: শোয়েব

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর দেশটির টিভি চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে ধুয়ে দেন শোয়েব আখতার। পাকিস্তানের এ সাবেক পেসার পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে ‘অদক্ষ’ এবং ‘অজ্ঞ’ বলে তিরস্কার করেন। তবে নিজ দেশের টিভি চ্যানেলে সুর পাল্টে ফেললেন শোয়েব। জানালেন, ভারতীয় টিভিতে তার কথা ‘টুইস্ট’ করা হয়েছে। কলম্বোতে গত রোববার ভারতের ৭ উইকেটে দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটিতে ৬১ রানের অসহায় আত্মসমর্পণে দেশটির ক্রিকেটার ও বোর্ডের সমালোচনায় মুখর বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারা। ভারতীয় টিভি চ্যানেল এবিপি নিউজে শোয়েব আখতার বলেন, ‘আমাকে যদি আপনাদের চ্যানেল চালানোর দায়িত্ব দেয়া হয়, যদি চ্যানেলের চেয়ারম্যান বানানো হয়... একটি চ্যানেল কীভাবে চালাতে হয়, আমি এসবের কী জানি! এমনই একজন লোক, যে (ক্রিকেটের) কিছুই বোঝে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে গেছে। সে কী করতে পারে? দল কীভাবে দল চলবে...!’ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ ফাস্ট বোলার আরও বলেন, ‘দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ কোনটি জানেন? একজন অদক্ষ ব্যক্তিকে যখন বড় দায়িত্ব দেয়া হয়। যখন আপনি কোনো অদক্ষ ও অজ্ঞ ব্যক্তিকে বড় দায়িত্ব দেবেন, সে দেশ ধ্বংস করে দেবে। যে কোনো কিছু ধ্বংস করে দেবে। উদাহরণ তো আপনার সামনেই আছে, আপনি বিচক্ষণ...।’ তবে নিজ দেশের এআরওয়াই ডিজিটাল চ্যানেলে ৫০ বছর বয়সী শোয়েব বলেন, ‘অদক্ষ ও অজ্ঞ শব্দগুলো আমি মহসিন ভাইকে নিয়ে বলিনি। কথা শুনে মনে হতে পারে তাকেই বুঝিয়েছি। তবে অদক্ষতা বলতে আমি আসলে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বুঝিয়েছি যে, এমন লোক যে কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে। মহসিন নাকভিকে নয়, যারা আন্তর্জাতিক ক্রিকেট চালাচ্ছে, আমি সেই শীর্ষ লোকদের ইঙ্গিত করেছি আমি। টিভি চ্যানেল এটি ‘টুইস্ট’ করেছে।’ তবে একটি বিষয়ে নাকভির ওপর ক্ষোভের কথা অকপটেই স্বীকার করেন নাকভি। তিনি বলেন, ‘আমি তার ওপর ক্ষুব্ধ, কারণ তিনি একটি অবস্থান নিলেও (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট) সেটিতে অটল থাকেননি। এখানে সবাই তার পাশে ছিল।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন