ইতালির ক্রিকেট রূপকথা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। টুর্নামেন্টের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের (২৭ নম্বর) দল হিসেবে এসে তারা এখন জায়ান্ট কিলার হওয়ার স্বপ্নে বিভোর। নেপালকে পর্যুদস্ত করার পর নিজেদের সবশেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে শঙ্কায় ফেলে দেয় ইতালিয়ানরা। যদিও শেষ পর্যন্ত ২৪ রানে হারতে হয়েছে, তবে গ্যালারির ‘ইতালিয়া! ইতালিয়া!’ চিৎকার ইডেন গার্ডেনসের আকাশ-বাতাস মুখরিত করে রেখেছিল। সেই ইডেন গার্ডেনসেই গ্রুপ সেরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটানোর লক্ষ্য দলটির।
ইতালি দলে এমন সব খেলোয়াড় আছেন যাদের মূল পরিচয় জানলে চমকে যেতে হয়। দলের প্রধান বোলিং অস্ত্র ক্রিশান কালুগামাগে পেশায় একজন পিৎজা প্রস্তুতকারক। ইতালির তুসকানি অঞ্চলের একটি পিৎজা দোকানে কাজ করেন তিনি। নেপালের বিপক্ষে ৩ উইকেট নেওয়া এই লেগ-স্পিনার ইংল্যান্ডের বিপক্ষেও দুটি উইকেট নেন। দলের দুই ব্যাটিং স্তম্ভ জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা দুই ভাই। জাস্টিন সিডনিতে শরীরচর্চার শিক্ষক এবং অ্যান্থনি পেশায় একজন কাঠমিস্ত্রি। যিনি একটি কিশোর সংশোধনাগারে কাঠের কাজ শেখান। নেপালের বিপক্ষে ১২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতানো এই দুই ভাই এবার ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি মানেন্তি দলের এই অবিশ্বাস্য যাত্রা নিয়ে বলেন, ‘মাত্র ১৮ মাস আগেও আমরা রোমের অ্যাস্ট্রোটার্ফ উইকেটে খেলছিলাম। আর এখন আমরা ইডেন গার্ডেনসে ১৫ হাজার দর্শকের সামনে জোফরা আর্চার আর স্যাম কারানদের বল খেলছি। এটা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।’
ইংল্যান্ডের দেওয়া ২০৩ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ইতালি। গ্র্যান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রানের এক ক্যামিও খেলে ম্যাচটিকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। তবে ইংল্যান্ডের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে।
সুপার এইটের আশা না থাকলেও ইতালির লক্ষ্য এখন মাথা উঁচু করে বিদায় নেওয়া। মানেন্তি জানান, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলের বিপক্ষে লড়াই করতে পারাটাই ইতালিয়ান ক্রিকেটের জন্য বড় পাওয়া। জফরা আর্চারের গোলার মতো গতির বল মোকাবিলা করা এই ‘অপেশাদার’ ক্রিকেটাররা এখন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে আটকানোর ছক কষছেন।
আরও চমক দিতে চায় কাঠমিস্ত্রিদের দল ইতালি
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
