লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফোর সিজন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- মুহাম্মদ নাইম (২৪), মো. নাইমুর ইসলাম জিহাদ (২৬), রেহানা বেগম ও মনির আহমদ (২৭)। নিহতদের মধ্যে নাইমুর ইসলাম জিহাদ বিজিবি সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মুহাম্মদ মাসুম (৩০), আরাফাত (২২), দ্বীপ দত্ত (৩০) ও রিয়াজ (২৮)সহ আরও অনেকে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। বিশেষ করে একাধিক আহতের ডান পা ভেঙে গেছে এবং অনেকের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে ট্রমা সেন্টারে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তাসফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা দু’টি যাত্রীবাহী বাস ফোর সিজন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দুর্ঘটনায় আহত আরাফাত বলেন, আমরা আট বন্ধু ভ্রমণ শেষে মারছা পরিবহনে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। পথিমধ্যে সামান্য একটা বিষয় নিয়ে বাসের চালক মারামারির ঘটনায় জড়িয়ে পড়ে। এরপর একই চালক বাসটি চালিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চুনতি ফোর সিজন এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি একই কোম্পানির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমাদের দুই বন্ধু মারা যায়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দীন চৌধুরী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন