রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

ফন্ট সাইজ:

তুমুল দর্শকপ্রিয়তা পায় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক সম্পর্ক নিয়ে তৈরি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। গত শুক্রবার ৫২তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হলো এই সিরিজের যাত্রা। তবে বিদায়টাও হলো ব্যতিক্রমী আয়োজনে। বিকাল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় শেষ পর্ব। এটি ছিল মেগা পর্ব। যেখানে সাধারণ ২৫-২৮ মিনিটের পরিবর্তে দর্শকদের জন্য উপহার হিসেবে নির্মাতা নিয়ে আসেন ৯২ মিনিটের পর্ব। মুক্তির পর থেকেই যেন ঝড় তোলে সেটি। প্রকাশের ২১ ঘণ্টা না পার হতেই শেষ পর্বটির ভিউ ছাড়িয়ে যায় ১০ মিলিয়ন! বাংলাদেশি ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে যা নতুন এক রেকর্ড। তবে গল্পের শেষে একটা অপূর্ণতা রেখেই শেষ করা হয় সিরিজটি। ধারাবাহিকটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, এটা আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে, গল্পের কেন্দ্রে ছিল চারটি চরিত্রÑ ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং তার ভাই সামির চরিত্রে ছিলেন খায়রুল বাসার। গল্পে ফাহাদের সাবেক প্রেমিকা মেহরীনকে বিয়ে করে সামির, যা সম্পর্কের জটিলতাকে আরও গভীর করে তোলে। মেহরীন চরিত্রে অভিনয় করেন কেয়া পায়েল এবং ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া, ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেনÑ দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি এবং অদিতি জামান স্নেহা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন