শিলাইদহ কুঠিবাড়ীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী

ফন্ট সাইজ:

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে জাতীয়ভাবে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিন দিনব্যাপী এ আয়োজন শুরু হয়ে শেষ হবে রোববার মধ্যরাতে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা দেশের সকল দর্শনীয় স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়ী ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। এতে প্রমাণ হয়, এ স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এ ধারাবাহিকতায় প্রতি বছর প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজ অব্যাহত থাকবে। মন্ত্রী আরও বলেন, কুষ্টিয়া জেলার একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।

লোকসংগীতের প্রাণকেন্দ্র লালনের আখড়াবাড়ী এই জেলার গর্ব। লালনের দর্শন দ্বারা সমকালীন কবি-সাহিত্যিকরা প্রভাবিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, অধ্যাপক ড. ওয়াকিল আহমেদসহ অন্য অতিথিরা। আলোচনা সভা শেষে মঞ্চ নাটক, নৃত্য এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। তিন দিনব্যাপী এ উৎসবে গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুর স্মৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন