২২ গজে গতির আগুনে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও দ্রুতই পেয়ে গেলেন টাইগার পেসার। আইসিসি ঘোষিত ২০২৬ সালের ‘এপ্রিল মাসের সেরা’ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই তরুণ তারকা। এ তালিকায় তার প্রতিদ্বন্দ্বী ওমানের জতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ে (২-১) মূল কারিগরের ভূমিকা পালন করেন নাহিদ। তিন ম্যাচে স্রেফ ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে তুলে নেন সর্বোচ্চ ৮ উইকেট। অবশ্য সিরিজের শুরুটা ভালো ছিল না ২৩ বছর বয়সী নাহিদের। প্রথম ওয়ানডেতে তুলনামূলক খরুচে বোলিং করেন তিনি। ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিতে পারেন কেবল এক উইকেটই। এরপরই চিরচেনা রূপে আবিভূর্ত হন নাহিদ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরের তপ্ত গরমে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে টানা বোলিং করে কিউইদের নাভিশ্বাস তুলে দেন তিনি। সেই ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন প্রতিপক্ষকে। ম্যাচের পর এ ডানহাতি পেসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন খোদ নিউজিল্যান্ড তারকারাও। সিরিজ নির্ধারণী ম্যাচেও মাত্র ৩৭ রান খরচে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।
নাহিদের মূল প্রতিদ্বন্দ্বী ওমান অধিনায়ক জতিন্দর সিং। গত মাসে ৫ ওয়ানডেতে ২৬৬ রান করেন তিনি। এর মধ্যে নেপালের বিপক্ষে ১৩০ রানের রেকর্ড ইনিংসটি উল্লেখযোগ্য। এটি ওয়ানডেতে ওমানের হয়ে সর্বোচ্চ ইনিংসের নজির। অন্যদিকে, আরব আমিরাতের অজয় কুমার নেপালের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই তুলে নেন ৩ উইকেট। গত মাসেই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা অজয় পরে ওমানের বিপক্ষে ৩৫ রানে নেন ৬ উইকেট।
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি হাঁকিয়ে মাসসেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে লড়াইয়ে আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ী শ্রীলঙ্কার ইমেশা দুলানি। অন্যজন টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়া ব্রাজিলের লরা কার্দোসা।
