বৃদ্ধ মা-বাবা, তিন সন্তান নিয়ে মহাবিপদে সুধন

বৃদ্ধ মা-বাবা, তিন সন্তান নিয়ে মহাবিপদে সুধন

ফন্ট সাইজ:

সুধন চন্দ্র ঋষি। বয়স ৪৫। তার ঘাড়ে ৬ সদস্যের পরিবারের বোঝা। বাড়িতে বৃদ্ধ মা-বাবা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। করতে পারেন না তেমন কোনো কাজই। শুধু বাবা-মা-ই নয়, বাড়িতে রয়েছে ছোট ছোট তিন সন্তান। যাদের বয়স ১৫, ৯ এবং ৮। ছোট দুুই ছেলে-মেয়ে স্কুলে যায়। আর বড় ছেলে আয়ের পথ খুঁজছে।

পরিবারের দেখভাল করতেই ব্যস্ত থাকেন স্ত্রী। ঢাকায় জুতা সেলাইয়ের কাজ করেন সুধন। কোনো রকম খেয়ে, না খেয়ে টেনে-টুনে চলছিল সুধনের সংসার। তিনি ঢাকার প্রেস ক্লাব এলাকায় জুতা সেলাইয়ের কাজ করেন। মুখে লেগে থাকে একটা সজীব হাসি। কিন্তু হঠাৎই তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। কঠোর পরিশ্রম করে পরিবারকে টেনে নেয়া সুধন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শুধু তাই নয় গলায় হয়েছে টিউমারও। আকাশ ভেঙে পড়লো পরিবারটি ওপর। সুধন থাকেন ঢাকায়।

তার পরিবার ব্রাহ্মণবাড়িয়ায়। চলতি বছরের মার্চে নানা সমস্যা নিয়ে যান হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ মতো করান পরীক্ষা-নিরীক্ষা। জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। ইতিমধ্যে তার খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। চিকিৎসার ব্যয় নির্বাহে সুধনের প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। দরিদ্র এই পরিবারটির পক্ষে এই অর্থের জোগান দেয়া অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন সুধনের পরিবার। তাকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন- ০১৭২৮-৭৮৮৫৮২ (বিকাশ) নম্বরে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন