পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে নাম লেখান টালিউড সুপারস্টার দেব। এক দশকের বেশি সময় ধরে সাংসদ হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন বাস্তবতায় দেখা যাচ্ছে তাকে। বুধবার সন্ধ্যায় বিজেপির জয়ে শুভেচ্ছা জানান দেব। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।
চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন দেব। তিনি লেখেন, জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত একজন হিসেবে, আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা চলচ্চিত্র শিল্পের মধ্যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় করে তুলে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব। দলের পরাজয় তাঁকে কষ্ট দিলেও, রাজ্যের বদলকে স্বাগত জানিয়েছেন দেব। গণমাধ্যমে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না।
প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠু ভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে। তিনি আরও বলেন, রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি। ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভাল লাগছে, সেই লড়াই অবশেষে সফল হল। যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভাল চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময় তাঁদের পাশে থাকব।
