হাল সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পূজা চেরির সিনেমা ‘দম’ এখনো প্রেক্ষাগৃহে চলছে। ছবিটিতে অভিনয়ের মাধ্যমে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন তিনি। আফরান নিশোর বিপরীতে এই প্রথম জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এদিকে, নতুন খবর হলো- আসছে পবিত্র ঈদুল আজহায় জোড়া ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। একটি হলো ‘নাকফুলের কাব্য আর অন্যটি ‘মাসুদ রানা’। দু’টি ছবিতে দুই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজাকে। ‘নাকফুলের কাব্য’ রোমান্টিক একটি ছবি।
আলোক হাসানের পরিচালনায় এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের গল্প তুলে ধরা হয়েছে। পূজা চেরি বলেন, এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন- সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন।
এ ছাড়া, একই ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত ‘মাসুদ রানা’ ছবিটিও, যেখানে তাকে দেখা যাবে পুরোদস্তুর অ্যাকশন লেডি হিসেবে। পূজা বলেন, ‘মাসুদ রানা’য় অন্য এক পূজাকে আবিষ্কার করতে পারবেন দর্শক। এখানে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। সবমিলিয়ে ঈদে দু’টি দুই স্বাদের ছবি দর্শকরা দেখতে পারবেন আমার। বিষয়টি নিয়ে আমি নিজেও এক্সাইটেড।
