কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে ও গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়-বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে অবস্থা গুরুতর দেখে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহতের বোন কহিনুর আক্তার জানান-নয়নের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তারের পরামর্শে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকার বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নয়নের মৃত্যুতে পুরো পরিবার এখন অভিভাবকহীন। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান-স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ারের। নিহতের মরদেহের ময়নাতদন্ত এবং অভিযোগের প্রেক্ষিতে খুনের আসল কারণ জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
