জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা আশা করছি, আগামী ১০ই মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তিনি বলেন, ৩০শে এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থী দেয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি। গতকাল রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এ মাসের মধ্যেই সাতটি সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো। এখন আমরা একটি ১১ দলীয় জোটে আছি। বিরোধী দল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সঙ্গে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপি’র প্রার্থী ঘোষণা করবো।
তিনি বলেন, বিএনপি’র পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা ইতিমধ্যে জেলা পরিষদ এবং সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে।
সারজিস আলম বলেন, উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার যে পাঁয়তারা সেটা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান জানাবো সিটি করপোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।
এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশের পথ হারানো রাজনীতির হাল ধরবে এনসিপি। সংসদে প্রতারক, বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে বিএনপি, যার ফল ভালো হবে না। অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে, বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সঙ্গেÑ তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন।
যোগ দিলেন নিজামীপুত্র, হাজী শরীয়তুল্লাহ’র বংশধর ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ’র বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা। সংবাদ সম্মেলনে নতুন যোগ দেয়া সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ড. মোহাম্মদ নাদিমুর রহমান অনলাইনে যুক্ত ছিলেন।
