রাজধানীর কোতোয়ালি থানার জগন্নাথ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অনিক কুমার দাস’র হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের (৬১)কে গ্রেপ্তার দেখিয়ে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের (৬১) বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া এ মামলায় উক্ত আসামির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন। কোর্ট হাউজ স্ট্রিট এলাকায় তাদের ওপর হামলা চালান আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অনিক কুমার দাস গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় তিনি ২০২৪ সালের ২১শে নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে আফজালের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
