আসছে ঈদ উপলক্ষে নির্মাতা আরিফ খান নির্মাণ করেছেন টেলিছবি ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’। চ্যানেল আইয়ের জন্য নির্মিত এই টেলিছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে চার প্রজন্মের গুণী শিল্পীদের। তারা হলেন- ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, দীপা খন্দকার, রওনক হাসান, জাকিয়া বারী মম। জানা গেছে, ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিছবির গল্পের কেন্দ্রে রয়েছেন জোহরা বেগম, এক সময়কার খ্যাতিমান অভিনেত্রী, যিনি জীবনের শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছেন নিজের মূল্যবোধ ও বাস্তবতার দ্বন্দ্বের মুখোমুখি।
চরিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। জোহরা বেগমের বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ছোট ছেলে ও তার স্ত্রীর ভূমিকায় আছেন তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম। অন্যদিকে মেয়ে ও জামাতার চরিত্রে দীপা খন্দকার ও রওনক হাসান। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মামুনুর রশীদ। টেলিছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর টেলিভিশনে অভিনয়ে ফিরেছেন ফেরদৌসী মজুমদার।
বয়সজনিত শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তার কাজের প্রতি নিষ্ঠা ও মানসিক দৃঢ়তা পুরো ইউনিটকে অনুপ্রাণিত করেছে। এই টেলিছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। ঈদুল আজহার বিশেষ আয়োজন হিসেবে টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়।
