যুক্তরাষ্ট্রে পুরস্কৃত দেশের প্রামাণ্যচিত্র

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত দেশের প্রামাণ্যচিত্র

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে অনুষ্ঠিত হয়েছে ১৩তম ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। এতে বাংলাদেশের তরুণ নির্মাতা সুরাইয়া তাছনিন সাথীর প্রামাণ্যচিত্র ‘রেশমা: এ স্ট্রাগল ফর আইডেন্টিটি’ ‘উইমেন অ্যান্ড ওয়ার্ক’- বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। বিশ্বের ২৬টি দেশের ১৮৪টি চলচ্চিত্রকে পেছনে ফেলে এই সম্মান পেয়েছেন তিনি। চলচ্চিত্রটি ছিল সুরাইয়ার প্রথম নির্মাণ। কানেক্টহারের ফেলোশিপভিত্তিক ফিল্ম ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

প্রায় এক বছরের গবেষণা ও পরিশ্রমের পর তৈরি এই প্রামাণ্যচিত্র তার প্রথম কাজেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সুরাইয়ার সাফল্যের পেছনে ফেলোশিপের মেন্টর নভেরা হাসান নিক্কণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দিকনির্দেশনায় সুরাইয়া কারিগরি ও শৈল্পিক দিকগুলো আয়ত্ত করেছেন, যা চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করেছে। উৎসবটি ১ ও ২রা মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে অনুষ্ঠিত হয়, যেখানে সমাপনী দিনে বিশ্বব্যাপী নির্মাতাদের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য, সুরাইয়া এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, এবং পড়াশোনার পাশাপাশি তার এই অর্জন বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

সুরাইয়া তাছনিন সাথী বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কানেক্টহার-এ ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম ছবিতেই এমন অর্জন আসবে। এই ফেলোশিপ ও এক বছরের সাধনা আজ সার্থক হলো। এই অর্জনের মাধ্যমে সুরাইয়া তাছনিন সাথী ২,৫০০ মার্কিন ডলার প্রাইজমানি ও একটি স্কলারশিপ লাভ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন