টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সংস্করণেই বেশি মনোযোগ ছিল বাংলাদেশের। বিপিএলের মতো ঘরোয়া বড় আসর ছিল প্রস্তুতির সর্বশেষ অংশ। তবে বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। আগামী বছরই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজের আগে লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা বিসিএল খেলবে। বিসিএলের মাধ্যমে প্রস্তুতি কতটা সম্ভব? সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে কার্যকর প্রস্তুতি হবে। তিনি বলেন, ‘অবশ্যই কার্যকরী হবে। কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেই। তো পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যেহেতু এখান থেকে শুরু করছি, মূলত ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে ভালো ক্রিকেট দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাব।’ টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের ব্যাটে রান এলেও ওয়ানডেতে কেবল হতাশ ই করছেন। শেষ দশ ইনিংসের চারটিতেই তিনি শূন্য রানে ফিরেছেন। তবে নান্নু আশাবাদী লিটনের কামব্যাক করার যোগ্যতা আছে। নান্নু বলেন, ‘লিটন আমাদের লিডিং যে কয়জন ব্যাটসম্যান আছে তাদের মধ্যে অন্যতম। তো আমি মনে করি যে ওর যে এবিলিটি আছে, এখান থেকে কামব্যাক করা এটা সময়ের ব্যাপার। আমার মনে হয় যেহেতু ৫০ ওভারের টুর্নামেন্টগুলো শুরু হচ্ছে, নিজেকে ঠিকমতো মেলে ধরলে ইনশাআল্লাহ আশা করি দ্রুতই ভালো ফর্মে চলে আসবে।’ আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে বগুড়া এবং রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বিসিএলের দ্বাদশ আসর। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে আগামী ৩রা মার্চ। বিসিএল ওয়ানডে কাপে অংশ নেবে চার দল পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
এদিকে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে বলে আশা করেন বিসিবি’র প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগু্লাের সঙ্গে বিসিবি’র যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।’ বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে অনেক ক্লাবই ঘরোয়া লীগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল। এই ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্বের বিষয়ে নান্নু সাফ জানিয়ে দেন যে, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা চলবে না। তিনি বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।’ গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দ্রুতই ঢাকা ফিরছেন সাকিব আল হাসান। তার জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নান্নু বলেন, ‘সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে সে খেলতে পারবে কিনা? এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তার আগে জানতে হবে ওর ফিটনেসের কী অবস্থা, ও কী অবস্থার মধ্যে আছে।’
ওরা (নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট) ডিসিশনটা নিবে। আগে তো ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেল আর ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওর চিন্তা-ভাবনা শুরু করবে। সুতরাং আমাদের পক্ষে এটা বলা ডিফিকাল্ট।’
‘বিসিএল দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু’
স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
