গাড়ি নষ্ট নিয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ

হেঁটে না হয় ঠেলাগাড়িতে আসবো

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গতকাল আন্তর্জাতিক বিচারকাজ শুরুর পর এজলাসে বসে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে। ওপর মহলে জানিয়ে দেন।’
এদিন সকালে বিচারকাজ শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত হন। পরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন। প্রথমেই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না। এ সময় তিনি বলেন, ‘হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে। ওপর মহলে জানিয়ে দেন।’ জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি দেখবেন। এর আগে গত রোববার এজলাস কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এভাবেই বিচারকাজ চলে। গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার একপর্যায়ে এসি ঠিক হলেও, গতকাল আবার এসি নষ্ট হয়ে যায়। মূলত যাতায়াত ও এজলাস কক্ষের সার্বিক অবকাঠামোগত দৈন্যদশার কারণেই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

এদিকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ১০ই মে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আজ (সোমবার) হাজির করার কথা ছিল। কিন্তু অন্য মামলায় রিমান্ডে রয়েছেন তিনি। এজন্য তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে পুনরায় সময় চাইলে আগামী ১০ই মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় বাড়িয়ে ২৯শে জুন এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন শুনানি ১১ই মে: জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানি ১১ই মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

এদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ট্রাইব্যুনালে হুমায়ুনের স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করেন। এ সময় প্রসিকিউশন জানায়, হুমায়ুন কবিরের লিভার সিরোসিসে আক্রান্ত ও একাধিকবার বমি করাসহ যেসব কারণ দেখিয়ে জামিন আবেদন করেছেন, সেটি আমাদের হাতে আসা রিপোর্টের সঙ্গে মিল নাই। হুমায়ুন কবিরের মেডিকেল রিপোর্টে তার রক্ত শূন্যতা এবং স্ক্যাবিস রোগ ধরা পড়েছে। তাই পূর্বে স্থগিত হওয়া জামিন আবেদন যেন স্থগিতই থাকে এবং পরবর্তী শুনানির জন্য ১১ই মে দিন ধার্যের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন