পারিবারিক কারণে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

পারিবারিক কারণে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

ফন্ট সাইজ:

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবি’র সিইও বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’ বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি। সেখানে তিনি লেখেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসবো।’ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। এর আগে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময়ই পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। এরই মাঝে একবার বিসিবি সভাপতি হঠাৎ দেশ ছেড়েছেন বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি খবরও বেরোয় একাধিক গণমাধ্যমে। তবে পরদিন সকালে যথারীতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন তিনি।



Momin khan

৩ মাস আগে

একে একে সব দেশ বিরোধী পালাবে! ক্রিকেট ধংস করেছে এরা, ভারত বিরোধিতার নামে ভণ্ডামি করে

মন্তব্য করুন