পররাষ্ট্রে নয়া ৪ অনুবিভাগ

জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস

ফন্ট সাইজ:

অবশেষে নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু ও আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় স্বতন্ত্র অনুবিভাগ চালু করলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আধুনিক বিশ্বে বহু আগে থেকে ফরেন অফিসের অধীনে এসব বিভাগ বা অনুবিভাগ পরিচালিত হলেও এবারই প্রথম বাংলাদেশ এমন উদ্যোগ নিলো। সেগুনবাগিচার এ সংক্রান্ত নোটে বলা হয়েছে- বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সুনির্দিষ্ট ও ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পরিসরকে কার্যকর ও গতিশীল করে তোলার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানপূর্বক অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত অধিক্ষেত্রে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ ও মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কার্যক্রমের সম্প্রসারণসহ নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, উল্লিখিত উদ্যোগসমূহ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ করে তুলবে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মহাপরিচালক হিসেবে অনুবিভাগগুলোর দায়িত্ব পেলেন যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা: সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন উইংগুলোর মহাপরিচালক নিয়োগসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করেছে। প্রশাসন অনুবিভাগের জারি করা অফিস আদেশ মতে, সদ্য দেশে ফেরা ২০ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর নবপ্রতিষ্ঠিত অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়াবলিÑ এই দু’টি অনুবিভাগ একসঙ্গে সামলাবেন। তবে তিনি পররাষ্ট্র সচিবের দপ্তরে সংযুক্ত থাকবেন। আগে থেকে মহাপরিচালক (ইন্সপেকশন) হিসেবে দায়িত্বপালনকারী মহাপরিচালক সামিয়া আঞ্জুম এখন থেকে মহাপরিচালক গবেষণা ও উদ্ভাবন অনুবিভাগের দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় সংসদ বিষয়াবলি দেখভাল করবেন। নতুন আদেশে মহাপরিচালক বি. এম. জামাল হোসেনকে মহাপরিচালক ইন্সপেকশনের দায়িত্ব দেয়া হয়েছে। জনকূটনীতি, সার্ক ও বিমসটেক এই দু’টি অনুবিভাগ সামলানো মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলমকে পূর্ব ইউরোপ ও সিআইএস-এর দায়িত্ব দেয়া হয়েছে। মহাপরিচালক মো. মোশাররফ হোসেন মহাপরিচালক পশ্চিম ইউরোপ ও ইইউ’র দায়িত্বে বহাল রয়েছেন। কেবলমাত্র তার অতিরিক্ত দায়িত্বের বোঝা কমানো হয়েছে। সদ্য দেশে ফেরা কাজী এহসানুল হককে নবপ্রতিষ্ঠিত জলবায়ু, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানিসম্পদ অনুবিভাগ সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে। মহাপরিচালক গ্লোবাল হেলথ ইমারজেন্সি রেসপন্স অনুবিভাগের মহাপরিচালক সৈয়দা জেসমিন সুলতানা মিল্কিকে তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে নবপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি দেখভালের দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশে বলা হয়েছে- অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তাগণ বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন