নারী এশিয়ান কাপ ফুটবলের জন্য ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রায়ান সিদ্দিকী। তিনি ঢাকায় দিন চারেক ট্রায়াল দিয়ে সুইডেনে ফিরেছিলেন। ১৪ই ফেব্রুয়ারি জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর পর গতকাল আবার ঢাকায় এসেছেন তিনি। যোগ দিয়েছেন পিটার বাটলারের ক্যাম্পে।
ট্রায়ালের জন্য আনিকা নিজ খরচে এসেছিলেন। কোচ পিটার বাটলার তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখায় এবার ফেডারেশনের (বাফুফে) খরচে পুনরায় ঢাকায় আসলেন তিনি। সকাল ৯টার দিকে এসে সরাসরি টিম হোটেলে উঠেছেন। গতকাল অনুশীলনের সুযোগ পাননি। পিটার বাটলার তাকে নিজে অনুশীলনে দেখেননি। অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ লর্ডের রিপোর্ট অনুযায়ী বাটলার আনিকাকে ২৬ জনের দলে রেখেছেন। অথচ সাবিনা, মাসুরার মতো পরীক্ষিত ফুটবলারদের তিনি ক্যাম্পে ডাকেনও না। আগামী ১৯শে ফেব্রুয়ারি দিবাগত রাতে অস্ট্রেলিয়ায় সিডনির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে আফইদা-ঋতুপর্ণারা। ২৫শে ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। ১লা মার্চ থেকে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু। তাই ২৭শে ফেব্রুয়ারি এশিয়ান ফুটবল কনফেডারেশনের আনুষ্ঠানিক হোটেলে উঠবে বাংলাদেশ দল। ২০-২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় থাকবে। সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে ১২টি দল এশিয়া কাপে অংশগ্রহণ করবে। তিন ভেন্যুতে ১২ দলের জন্য এএফসি ৯ টি অনুশীলন ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বাংলাদেশের গ্রুপ পর্যায়ের প্রথম দুই ম্যাচ সিডনিতে। সিডনির চারটি অনুশীলন ভেন্যু জুবিলি স্টেডিয়াম, মার্কোনি স্টেডিয়াম, ওয়ান্ডারার্স ফুটবল পার্ক ও ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক। ২৭শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ বাংলাদেশ এই ভেন্যুগুলোতে অনুশীলন করবে।
ক্যাম্পে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার আনিকা
স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
