সংরক্ষিত নারী এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন: ফখরুল

ফন্ট সাইজ:

সংরক্ষিত নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র সংসদ সদস্যরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আমরাও তাদের (সংরক্ষিত নারী সদস্যগণ) সঙ্গে এসেছি এবং তাদেরকে সমর্থন করেছি। আমরা আশা করি, জাতীয় সংসদে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন।

এর আগে বেলা ১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারী সংসদ সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। সংসদে ৫০ সংরক্ষিত আসনে বিএনপি’র ৩৬ জন নির্বাচিত হয়েছেন। গত রোববার রাতে সংসদ ভবনে নবনির্বাচিত এই ৩৬ জন নারী সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন