ইনিই কি সেই হিগুয়েইন!

ইনিই কি সেই হিগুয়েইন!

ফন্ট সাইজ:

মাঠের সেই বিধ্বংসী স্ট্রাইকার, যার এক-একটি শটে কেঁপে উঠতো ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবের রক্ষণভাগ। তাকে কি এই রূপে চেনা সম্ভব? রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের সেই গনজালো হিগুয়েইন এখন কেবলই স্মৃতির পাতায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক ভক্তের সঙ্গে ছবি তুলেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। সেই এক ছবিতে হিগুয়েইনের চেহারা দেখে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে ফুটবল বিশ্বে।

উসকোখুসকো লম্বা দাড়ি, মাথায় পাতলা চুল, পরনে সাদামাটা সাদা ট্যাংক টপ এবং সাধারণ স্যান্ডেল। ছবির হিগুয়েইনকে দেখে অনেকেই ভেবে বসেন এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ দিয়ে তৈরি করা কোনো ছবি। তবে ছবি তোলা সেই ভক্ত নিশ্চিত করেছেন, এটি তেমন কোনো কারসাজি নয়। ফুটবল থেকে দূরে থাকা হিগুয়েইন এখন এভাবেই জীবন কাটাচ্ছেন। তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিস্ময় যেন কাটছেই না। অনেকে তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তখন তার চেয়ে তিন বছরের ছোট হিগুয়েইনের এমন চেহারা বিশ্বাসই করতে পারছেন না তারা। একজন তো মন্তব্য করেছেন, ‘এ তো দেখছি জিটিএ-ফাইভ গেমের ট্রেভর চরিত্রটি!’

২০২২ সালে ইন্টার মায়ামির হয়ে বুটজোড়া তুলে রাখার পর ফুটবল থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন হিগুয়েইন। ২০১৪ বিশ্বকাপের সেই গোল হাতছাড়ার দুঃসহ স্মৃতি এবং ক্যারিয়ারের পড়ন্ত বেলার সমালোচনা পেছনে ফেলে ‘এল পিপিতা’ সম্ভবত খুঁজে পেয়েছেন তার কাঙ্ক্ষিত নির্জনতা। মাঝে মায়ামিতে প্লেয়ার ডেভেলপমেন্ট কোচ হিসেবে তার কাজ করার গুঞ্জন ওঠে। তবে আপাতত লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করছেন এক সময়ের আর্জেন্টাইন ফুটবলের এই অন্যতম বৃহৎ নক্ষত্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন