বাংলাদেশ দর্শকদের কাছে ‘দুঃখপ্রকাশ’ নিউজিল্যান্ড অধিনায়কের

বাংলাদেশ দর্শকদের কাছে ‘দুঃখপ্রকাশ’ নিউজিল্যান্ড অধিনায়কের

ফন্ট সাইজ:

শেষ হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করলো কিউইরা। তিন ম্যাচ সিরিজের শেষটিতে শনিবার মিরপুরে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজ জয় পায় সফরকারীরা। পরে স্টেডিয়ামে আগত বাংলাদেশ দর্শকদের উন্মাদনায় ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখপ্রকাশ করলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। কথা বললেন এই সফর থেকে তাদের অর্জিত শিক্ষা নিয়েও।

টসে হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নামলে অল্প সময়ের মধ্যেই বৃষ্টির দেখা মেলে। শেষ পর্যন্ত ইনিংস ১৫ ওভারে নেমে এলে ১০২ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল। জবাবে দাপুটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তবে ম্যাচ শেষে দর্শকদের উন্মাদনা দেখে মুগ্ধ কেলি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে দারুণ পরিবেশ ছিল। তারা (দর্শকরা) অনেক প্যাশনেট এবং বৃষ্টির পরেও ফিরে এসেছিল। তাদের পার্টি নষ্ট করার জন্য আমি দুঃখিত, যে আমরা ম্যাচ জিতে নিয়েছি। যদিও তারা ক্রিকেটকে ভালোবাসে। আশা করি তাদের আনন্দ দিতে পেরেছি।’ বাংলাদেশের ভিন্নধর্মী বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন টম ল্যাথামের জায়গায় দায়িত্বপ্রাপ্ত কেলি। তিনি বলেন, ‘একটি সিরিজে একটি বোলিং ইউনিটের বিপক্ষে খেলে অভ্যস্ত হয়ে তিন ম্যাচ পর পুরো বোলিং আক্রমণ পরিবর্তন হলে কাজ কঠিন হয়ে যায়। এখানে বাড়তি অভিজ্ঞতা হয়েছে আমাদের। তবে সবাই বেশ ভালো বোলার এবং তারা নিজেদের ক্লাস দেখিয়েছে।’

মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বৃষ্টিই। টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটি যে সঠিক ছিল, তা স্বীকার করে কেলি বলেন, ‘টসের আগে আমরা দ্বিধায় ছিলাম। তবে বৃষ্টির সম্ভাবনা দেখে আগে বোলিং করার সিদ্ধান্ত নিই। শুরুতে ১৫ ওভারের ম্যাচ জানলে বাংলাদেশ হয়তো আরও চড়াও হয়ে খেলতো, যা আমাদের জন্য কঠিন হতে পারত।’

আইপিএল ও পিএসএলের কারণে নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে এই সফর ছিল নিউজিল্যান্ডের তরুণদের জন্য বড় সুযোগ। কেলির মতে, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে কাজে দেবে। ৩২ বছর বয়সী কেলি বলেন, ‘এমন সফরে আসার বড় ব্যাপার হচ্ছে দ্রুত শেখা এবং মানিয়ে নেয়া। আমরা অনেক নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছি। সুযোগ আসলে সেগুলো কাজে লাগাতে হবে এবং দলের প্রয়োজনে দায়িত্ব নিতে হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন