ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিপুল ভোটে জয়লাভ করেছে। কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব ক’টিতেই জয় পেয়েছে নীল প্যানেল। অন্যদিকে জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরাও একটি পদেও জয় পায়নি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. বোরহান উদ্দীন।
শুক্রবার রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন তিনি। সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। তারা জামায়াত এনসিপি সমর্থিত প্রার্থী এসএম কামালউদ্দীন ও আবু বাক্কার সিদ্দিককে পরাজিত করেন। অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সেক্রেটারি মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)। ১০টি সদস্য পদের বিজয়ীরা হলেন-ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচএম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।
