সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপি’র দুইটি আভিযানিক দল সীমান্ত পিলার এলাকা থেকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী গ্রাম হতে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে। একইভাবে মাদরা বিওপি’র একটি দল উত্তর ভাদিয়ালী এলাকা থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
অন্যদিকে, বৈকারী বিওপি’র অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া কালিয়ানী বিওপি’র আরেকটি অভিযানে কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে আরও ২ কোটি ২৬ লাখ টাকার আইস জব্দ করা হয়। সবমিলিয়ে মোট ৫ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব বলেনÑ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
