সরকার জনগণের রায় অস্বীকার করছে: আখতার

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি। তিনি বলেন, দেশ জুড়ে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। তেলের দাম বাড়ানোর পর সেই লাইন উধাও হয়ে গেল- এটা স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে। গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা আশাবাদী ছিলাম। যেহেতু প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নিয়েছে। জনগণের ম্যান্ডেটের মধ্যদিয়ে গণভোটের আকাঙ্ক্ষা, দেশের একটি গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার বাস্তবায়িত হবে- সেটাই ছিল আমাদের প্রত্যাশার জায়গা।

তিনি বলেন, গণভোটের বিষয়ে ঐকমত্য কমিশনে আমরা সকল দল একমত ছিলাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। সংস্কার প্রসঙ্গে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো দলই প্রত্যাখ্যান করেনি। ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের পথ খুলে যাবে।

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, রোববার দিনব্যাপী জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট-বিষয়ক জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে বিভিন্ন সেশনে এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেবেন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপি’র নেতৃবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন