চীনের সাংহাইয়ে বিশ্বকাপ আরচারি স্টেজ-২ এ রিকার্ভ-কম্পাউন্ড পুরুষ-নারী ব্যক্তি, দলগত ও মিশ্র সব মিলিয়ে ১০ ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে রিকার্ভ নারী আরচার নাসরিন আক্তারের বিষয়টি একটু বিশেষ। মাত্র ১৩ মাসের সন্তান রেখে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই আরচার। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সংবাদ সম্মেলন হাজির ছিলেন বাংলাদেশ দলের ১৩ আরচার। সেখানে মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নাসরিন আক্তার বলেন, ‘বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনো অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।’ এক বছর বয়সী সন্তান রেখে দেশের বাইরে খেলতে যাওয়ার সিদ্ধান্ত অনেক কঠিনই।
এ ক্ষেত্রে স্বামীর অনেক সহায়তা পাচ্ছেন জানিয়ে এই আরচার বলেন, ‘পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে দেখাশোনা করতে পারবে। এরপরও তো মাকে খুঁজবে, কান্নকাটিও করবে।’ এর আগে ২০২২ সালে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-১)-এ নাসরিন আক্তার রিকার্ভ মিশ্র দ্বৈত এবং মেয়েদের দলগত রিকার্ভে স্বর্ণপদক জিতেছিলেন। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে বলেন, ‘নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আরচারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সেই পর্যায়ে রয়েছে।’ চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ মার্টিন বলেন, ‘সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।’ বাংলাদেশ গত মাসে থাইল্যান্ডে এশিয়া কাপে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে। তাই কম্পাউন্ডের উপর একটু বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। কম্পাউন্ড দলের অন্যতম সদস্য হিমু বাছাড় বলেন, ‘আমরা এশিয়া কাপে সফল হয়েছি এবার আশা করছি বিশ্বকাপেও সেটার ধারাবাহিকতা বজায় রাখবো।’
এশিয়া কাপ আরচারিতে স্বর্ণজয়ী তিন আরচার হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪০০ ডলার করে পুরস্কৃত করেছেন। এটি পূর্ব ঘোষিত থাকলেও তিন কোচিং স্টাফকেও ২০০ ডলার করে দেয়া হয়েছে। রাজীব উদ্দিন চপল তার প্রতিশ্রুতি রক্ষা করলেও ফেডারেশন পদক জয়ীদের এখনো অর্থ দিতে পারেনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিন পদকজয়ীকে ১০ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতিও ফেডারেশন আদায় করতে পারেনি। এ নিয়ে ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান বলেন, ‘এই বিষয়ে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি দেখছেন। আমাদের প্রতিশ্রুত অর্থ এই মাসের মধ্যে অনুষ্ঠান করে দেবো এবং সেখানে কোচদেরও সম্মানিত করা হবে।’ দেশের অন্যতম সফল খেলা আরচারি। সর্বশেষ দুই অলিম্পিকে সরাসরি খেলেছেন রোমান সানা ও সাগর ইসলাম। সেই আরচার সম্প্রতি ফেডারেশনে কর্মকর্তাদের অর্ন্তদ্বন্দ্বে সংবাদের শিরোনাম হয়েছিল। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে সভাপতি বলেন, ‘এটা অলরেডি সেটেল। একটা মিসকমিউনিকেশন হয়েছিল।’
