যশোরে এক প্রবাসীর স্ত্রী বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন স্বামীর পরিবার। জানা যায়, যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা কেরামত আলী গাজী (৮৩) কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, তার ছেলে মুরশিদ গাজী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। ছেলের স্ত্রী ইশিতা আক্তার (২৮), দুই সন্তান ওমর (৮) ও ইউসুফ (৩)কে নিয়ে শহরের শেখহাটি হঠাৎপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সময়ের সঙ্গে বদলে যেতে থাকে ইশিতার জীবনযাপন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধামে তিনি জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের যুবক সোহেল রানার সঙ্গে গড়ে পরকীয়ার সম্পর্ক। শুরু হয় গোপন প্রণয়। সোহেল প্রায়ই ইশিতার বাড়িতে যাতায়াত করতো। তবে প্রতিবেশীদের চোখ এড়াতে সোহেলকে আত্মীয় পরিচয় দিতো ইশিতা। একপর্যায়ে পরকীয়ায় আসক্ত হয়ে গত ২২শে এপ্রিল ইশিতা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেন ইশিতার শ্ব্বশুর।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই সম্পর্কে জড়াতে ইশিতাকে প্ররোচনা দিয়েছেন তার মা আকলিমা খাতুন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন পরিবারটি। কোতোয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
