প্রায় ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। চলতি বছরের ১৮ই মার্চ কারাগার থেকে মুক্ত হন তিনি। অভিনয়ের পাশাপাশি একসময় আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। টাঙ্গাইল ও ঢাকা থেকে নৌকা প্রতীকের মনোনয়নও প্রত্যাশা করেছিলেন।
তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর এক হত্যা মামলায় জড়িয়ে পড়েন। গত বছরের ১২ই আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিকে, কারাভোগের পর পুরোপুরি বদলে গেছেন এই অভিনেতা। সিদ্দিক বলেন, আমার নামে দু’টি মামলা রয়েছে।
তবে কারাগার থেকে বের হওয়ার পর এক ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। তিনি জানান, মুক্তির পর প্রথম ক’দিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। কারাজীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে সিদ্দিক বলেন, জেলে আমি ১০ মাস ২২ দিন ছিলাম। সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি।
আমি শিল্পী মানুষ, তাই ভেবেছি এই সময়টাও কাজে লাগাই। আল্লাহ্ই আমাকে পরিবর্তন করিয়েছেন। তিনি আরও জানান, আগে ধর্মীয় চর্চায় খুব বেশি মনোযোগী ছিলেন না। তবে কারাগারে গিয়ে নিয়মিত কোরআন পড়া ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে তার জীবনে বড় পরিবর্তন এসেছে। শুধু আত্মিক পরিবর্তনই নয়, সৃজনশীল কাজেও সময় দিয়েছেন এই অভিনেতা।
সিদ্দিক জানান, কারাগারে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন নিয়ে একটি বইও লিখেছেন। তবে মুক্তির পরও কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানান তিনি। তার কথায়, জেল থেকে বের হওয়ার পরও সেই ট্রমা এখনো কাটেনি। শারীরিক ও মানসিকভাবে এখনো আগের নিয়মের মধ্যেই আছি।

Mahin
১ মাস আগেচেহারার গেটাপ ছাড়া কোনো পরিবর্তন হয় নাই! এরা ভন্ড!