বোর্ড থেকে ক্রিকেটার সমালোচনায় জর্জরিত পাকিস্তান

বোর্ড থেকে ক্রিকেটার সমালোচনায় জর্জরিত পাকিস্তান

ফন্ট সাইজ:

মাঠের বাইরেই যত ঝড়-উত্তাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে রোমাঞ্চের ছিটেফোঁটাও ছিল না। কলম্বোতে রোববার পাকিস্তানের অসহায় আত্মসমর্পণে ভারতের জয় ৬১ রানে। এরপর থেকে সমালোচনায় জর্জরিত হচ্ছে দলটি। সাবেক পেসার শোয়েব আখতার ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে। সমালোচনা মুখর মাইকেল ভন, রমিজ রাজা, শহীদ আফ্রিদির মতো সাবেকরাও। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। রান তাড়ায় ২ ওভার বাকি রেখে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচের পর ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজকে শোয়েব বলেন, ‘আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহীনের খেলাটাই দেখুন... সে ঘণ্টায় ১২৫ কিমি গতিতে বল করছিল। এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয়, যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে (দলে) কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, আমরা একসময় মাঠের লড়াইয়ে ভারতের সমান ছিলাম। এবং আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।’ পিসিবি চেয়ারম্যান নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক পেসার আরও বলেন, ‘একজন লোক (নাকভি), যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছে। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনারা এমন একজন খেলোয়াড়কে (বাবর) সুপারস্টার বানিয়েছেন, যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’
‘মাঠে ভারতকে দেখলেই ভড়কে যায় পাকিস্তান’

ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভনের মতে, ভারতের বিপক্ষে মানসিকভাবেই অনেকটা পিছিয়ে থাকে পাকিস্তান। ম্যাচের পর তিনি বলেন, ‘মনে হচ্ছে, ক্রিকেট মাঠে ভারতকে দেখলেই পাকিস্তান ভয় পেয়ে যায়। ম্যাচের প্রতিটি ক্ষেত্রে তারা (ভারত) এত বেশি ভালো এবং বড় উপলক্ষের সঙ্গে মানিয়ে নিতে তাদের মানসিকতা এত বেশি ভালো।’ ভারত-পাকিস্তান ম্যাচের ধারাভাষ্যে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। কয়েক বছর ধরেই উত্তরসূরিদের ব্যাটিং লাইনআপে কোনো অগ্রগতিই চোখে পড়েনি তার। রমিজ বলেন, ‘এটিকে একটি বিপর্যয়ই বলতে হবে, বিশেষ করে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে শেষ ২-৩ বছর ধরে একই বোলিং আক্রমণ খেলাচ্ছে ভারত, এবং প্রতিবারই খুব দুঃখজনকভাবে ব্যাটাররা ছিল সাদামাটা। কোনো উন্নতি নেই।’
জামাতা শাহীনসহ সিনিয়রদের দেখতে চান না আফ্রিদি
ম্যাচের পর পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক শহীদ আফ্রিদি স্বদেশি একটি টিভি চ্যানেলে আলাপকালে বলেন, ‘এখানে আমাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে শাহীনকে (আফ্রিদি) বসিয়ে রাখতাম, বাবরকে (আজম) বসিয়ে রাখতাম, এবং শাদাবকেও (খান) বিশ্রামে রাখতাম। আমি নতুন ছেলেদের খেলাতাম, তরুণদের সুযোগ দিতাম। এবং নামিবিয়ার বিপক্ষে আমাদের ম্যাচে আমি তাদের ওপর আস্থা রাখতাম। তাদের আত্মবিশ্বাস দিতাম এবং ধারাবাহিকভাবে খেলিয়ে যেতাম।’ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান। সে ম্যাচে জিতলে সুপার এইটের টিকিট পাবে সাবেক চ্যাম্পিয়নরা। হারলে বিদায়ের সম্ভাবনা।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন