কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিদ্দিকুর

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিদ্দিকুর

ফন্ট সাইজ:

প্রায় ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। চলতি বছরের ১৮ মার্চ কারাগার থেকে মুক্ত হন তিনি। অভিনয়ের পাশাপাশি একসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন সিদ্দিকুর। টাঙ্গাইল ও ঢাকা থেকে নৌকা প্রতীকের মনোনয়নও প্রত্যাশা করেছিলেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর এক হত্যা মামলায় জড়িয়ে পড়েন । গত বছরের ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর সংঘর্ষ চলাকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন।

কারাগার থেকে মুক্তির পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে সিদ্দিক বলেন, আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে বের হওয়ার পর এক ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। তিনি জানান, মুক্তির পর প্রথম কয়েকদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন।

কারাজীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে সিদ্দিক বলেন, জেলে আমি ১০ মাস ২২ দিন ছিলাম। সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। সিদ্দিক জানান, কারাগারে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন নিয়ে একটি বইও লিখেছেন। তবে মুক্তির পরও কারাজীবনের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন