ফ্লোরিডাতে লিমনের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পৌঁছাবে রোববার

ফ্লোরিডাতে লিমনের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পৌঁছাবে রোববার

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টামপা বে এরিয়াতে অনুষ্ঠিত জানাজায় বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এতে ইমামতি করেন ইসলামিক সোসাইটি অব টামপা বে-এর ইমাম আরজান আহমেসুলা।

জানাজার পূর্বে জামিল লিমনের মরদেহ মসজিদ প্রাঙ্গণে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত অনেকে অবিলম্বে নাহিদা বৃষ্টির লাশের সন্ধান এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানাজার পর স্থানীয় একটি মিলনায়তনে নিহত লিমন এবং বৃষ্টির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটি উদ্যোগে ফান্ড সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ফান্ড সংগ্রহে ইতিমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

এদিকে জামিল লিমনের মরদেহ আগামী রোববার (৪ মে) ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় শনিবার (২মে) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা অবতরণ করবে বলে জানা গেছে। পথে দুবাই এ ট্রানজিট থাকবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে।

গত ১৬ এপ্রিল থেকে (বৃহস্পতিবার) নিখোঁজ ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত জামিলের রুমমেট হিশামের তথ্যে গত শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ময়নাতদন্তে দেখা গেছে, লিমনের শরীরে অসংখ্য জখম ও ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

উল্লেখ্য, জামালপুর জেলার জামিল লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। লিমন ২০২৪ সালে এবং বৃষ্টি ২০২৫ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভর্তি হয়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন