চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আশফিকুন নাহারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এবং সদস্য সচিব হিসেবে থাকবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া কমিটিতে সেনাবাহিনী, পুলিশ, ওয়াসা, সিডিএ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেনÑ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ-সচিব, সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা-জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন; মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্য কাজের সমন্বয় সাধন করবেন।

কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন, সময়ে সময়ে সভা আহ্বানপূর্বক উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবেন, চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যেকোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর/সংস্থার সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন