ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সব শুল্ক-কর অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

এতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশে গাড়ি আমদানি করলে কর অব্যাহতি সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশে এসব গাড়ির রঙ হবে হলুদ। এ বাসগুলোতে ‘স্কুল-কলেজ-স্টুডেন্ট-বাস-ট্রান্সপোর্ট’ শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।

কোনো প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের জন্য উক্ত বাস আমদানির জন্য, আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে, জাতীয় রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে।

শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে।
উন্নত ও আরামদায়ক পরিবহনে একসঙ্গে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে, ফলে দেশের তীব্র যানজট নিরসন হবে। বিপুল পরিমাণ জ্বালানী সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকগণের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরূপ সাধারণ যাত্রীগণের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রিরা ব্যাক্তিগত গাড়ি ব্যবহার না করে, আধুনিক ও আরামদায়ক ইলেক্ট্রিক বাস ব্যবহার করবে। ফলে দেশের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাবে।

ট্যাগসমূহ:

মোঃ শহিদুল ইসলাম

২ মাস আগে

শিক্ষা অনুরাগী সরকার এগিয়ে যাক বাংলাদেশ।

মন্তব্য করুন