আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

আক্ষেপ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল

ফন্ট সাইজ:

দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ফর্টিস এফসির হয়ে ক্যারিয়ারের শেষ পেশাদার ম্যাচটি খেলতে নামবেন তিনি।

দেশের ফুটবলে ‘ডেড বল স্পেশালিস্ট’ হিসেবে খ্যাত এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৫ বছর মাঠ মাতিয়েছেন, যার মধ্যে টানা ৬ বছর দলের অধিনায়কত্ব করেছেন। তবে বিদায়বেলায় অগুনতি প্রাপ্তির মাঝেও দুটি বড় আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। গতকাল ফর্টিস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামুনুল নিজের আক্ষেপ প্রকাশ করতে গিয়ে বলেন ‘সাফ চ্যাম্পিয়ন হতে না পারা এবং আটলেটিকো দি কলকাতায় খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ আমার নিশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত থেকে যাবে।’

জাতীয় দলের জার্সিতে ৬৭ ম্যাচে ৩ গোল করা মামুনুল দেশের প্রায় সব শীর্ষ ক্লাবে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। মাঠের লড়াই ছাড়লেও ফুটবল থেকেই দূরে সরছেন না তিনি। ইতিমধ্যে ‘এ’ লাইসেন্সধারী কোচ হিসেবে সনদ নেওয়া মামুনুল ভবিষ্যতে ডাগআউটে ফেরার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রজন্মের ফুটবলারদের লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি। বর্তমানে জাতীয় দলে খেলা শেখ মোরসালিনদের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘মোরসালিনদের মধ্যে সেই প্রতিভা আছে যারা আগামীতে সাফ জয় করতে পারবে।’ আবেগপ্রবণ মামুনুল নিজের অস্তিত্বের সঙ্গে ফুটবলকে জড়িয়ে বলেন, ‘ফুটবল বেঁচে থাকলে মামুন নামটা থাকবে সারাজীবন, আর ফুটবল না থাকলে আমাদের অস্তিত্বও থাকবে না।’


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন