মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই সিদ্ধান্তের পর থেকেই বিষয়টি নিয়ে বলিউডে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ তার অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন কর্মক্ষেত্রের বাস্তবতাও বিবেচনায় রাখা জরুরি। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় দীপিকার এই মন্তব্য। এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সামিরা রেড্ডি। বর্তমানে নতুন ছবি ‘আখরি সওয়াল’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এক সাক্ষাৎকারে আট ঘণ্টার কাজের শিফট নিয়ে কথা বলেন সামিরা। তার মতে, বিষয়টি খুবই কঠিন এবং সংবেদনশীল। তাই তিনি কোনো একটি পক্ষ নিতে চান না। সামিরা বলেন, প্রতিটি কর্মস্থলের কিছু নির্দিষ্ট প্রত্যাশা থাকে। আবার নতুন মায়েদেরও কিছু সীমাবদ্ধতা থাকে। পছন্দ-অপছন্দেরও একটা বিষয় আছে। সবাই যাতে নিজের পছন্দ অনুযায়ী চলতে পারেন, সেই সুযোগ কর্মক্ষেত্রের দেয়া উচিত। তবে আমাদের দেশে এখনো এটিকে অনেকেই বিলাসিতা হিসেবে দেখেন। তাই এখনই নারীরা আট ঘণ্টার কাজের দাবি করবেন, বিষয়টি এত সহজ নয়।
তিনি আরও বলেন, দুই দিকেই সমতা রাখতে হয়, আর সেটাই সবচেয়ে কঠিন। এদিকে, নির্মাতাদের বাস্তবতাকেও গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী। সামিরার কথায়, সত্যি বলতে, ‘আখরি সওয়াল’র নির্মাতারা যখন আমাকে একটু বেশি সময় দিতে বলেছিলেন, আমি দিয়েছি। আমি পেরেছি, তাই সময় দিয়েছি। আমি প্রযোজকের দিকটাও বুঝি। কখনো কখনো মানিয়ে নিতে হয়। প্রতিদিন তো তারা এমন অনুরোধ করেন না।
