বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের

বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের

ফন্ট সাইজ:

সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে গত দুই বছরে অসংখ্য গুঞ্জন সামনে এসেছে। এবার আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব নিজেই। সম্প্রতি মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সাবেক টাইগার অধিনায়ক।

দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নেয়ার ইচ্ছা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। ২০২৪ সালের কানপুর টেস্টের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করে বলেন, ‘আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটিই যে, কত দ্রুত তা সম্ভব। আমি আশাবাদী বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে।’

সাক্ষাৎকারে বিসিবির গত কয়েক মাসের অস্থিরতা নিয়েও কথা বলেন এ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ফারুক আহমেদ এবং পরবর্তী বোর্ডের সময় তাকে ফেরানোর মৌখিক আশ্বাস দেয়া হলেও বাস্তব কোনো উদ্যোগ না নেয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। বর্তমানে বিসিবির নেতৃত্বে রয়েছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। এ বিষয়ে সাকিব জানান, তামিমের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো আলাপ হয়নি। তবে দ্রুতই সমাধান খুঁজতে আলোচনায় বসতে চান তিনি।

৩৯ বছর বয়সী সাকিব বলেন, ‘আসলে বাংলাদেশে পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে, কেউ জানে না। এ কারণেই আমি এখনও আশাবাদী। আমি খুব বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। প্রতিদিন নতুনভাবে পরিবারকে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, তা কাজে লাগানোর চেষ্টা করছি। তবে বাংলাদেশ দলে ফেরা আমার নিয়ন্ত্রণে নেই। তবুও আমি একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।’

Golam Mostafa

১ মাস আগে

সাকিবের মতো লোভী প্লেয়ারের কোন প্রয়োজন নেই। তাঁর দেশে আসা না আসা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর। আশা করি সরকার এমন একজন প্লেয়ারের বিষয়ে জনগণের ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব দেবনে।

মন্তব্য করুন