কানাডায় ‘লাঞ্ছিত’ ইরানি প্রতিনিধি দল, ফিফা কংগ্রেসে অনিশ্চয়তা

কানাডায় ‘লাঞ্ছিত’ ইরানি প্রতিনিধি দল, ফিফা কংগ্রেসে অনিশ্চয়তা

ফন্ট সাইজ:

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। এর মধ্যে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অগ্রহণযোগ্য আচরণ’ ও ‘অপমান’ সইতে না পেরে টরন্টো বিমানবন্দর থেকেই সফর বাতিল করে ইরানে ফিরে গেছে দেশটির ফুটবল ফেডারেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই ঘটনার ফলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ফিফা কংগ্রেসে যোগ দিচ্ছে না ইরান।

ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেনি এবং উপ-সাধারণ সম্পাদক হামিদ মোমেনি বৈধ ভিসা থাকা সত্ত্বেও পিয়ারসন বিমানবন্দরে বাধার মুখে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা প্রথম ফিরতি ফ্লাইটেই তুরস্ক হয়ে তেহরান ফিরে যান। এ ঘটনার পর এক কড়া বিবৃতিতে এফএফআইআরআই বলে, ‘ফেডারেশন সভাপতিসহ প্রতিনিধি দল বৈধ ভিসা নিয়ে টরন্টো পৌঁছালেও, ইমিগ্রেশন কর্মকর্তাদের অপেশাদার আচরণ এবং ইরানের সশস্ত্র বাহিনীর একটি সম্মানিত অঙ্গসংস্থাকে উদ্দেশ্য করে করা চরম অবমাননাকর মন্তব্যের কারণে তারা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।’ মূলত ২০২৪ সালে কানাডা সরকার ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’কে (আইআরজিসি) নিষিদ্ধ করার পর থেকে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মেহদি তাজের সঙ্গে আইআরজিসি-র কথিত সম্পর্কের জেরে তাকে প্রবেশাধিকার দেয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বিষয়টি নিয়ে বলেন, ‘আইআরজিসি কর্মকর্তাদের কানাডায় কোনো স্থান নেই। আমরা আমাদের ইমিগ্রেশন সিস্টেমের স্বচ্ছতা বজায় রাখতে এবং কানাডিয়ান নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকব।’ তবে এ বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের কণ্ঠে। এই প্রবেশাধিকার প্রত্যাখ্যানকে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরপর এমন নজিরবিহীন ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইরানের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই ফিফা সদর দপ্তরে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন