মরুর বুকে আপন গতিতে ছুটেই চলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি-দুটি করে পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৭০। মঙ্গলবার সৌদি প্রো লীগে চিরপ্রতিদ্বন্দ্বী আল-আহলিকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর। আর এই জয়ের নায়ক সেই চিরসবুজ রোনালদো। পর্তুগিজ অধিনায়কের হাত ধরে টানা ২০ ম্যাচ জয়ের এক অবিস্মরণীয় রেকর্ডও গড়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি। তাতে শিরোপার সুবাসও পাচ্ছে তারা।
আলআওয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল টানটান উত্তেজনা এবং রক্ষণভাগের লড়াইয়ে ঠাসা। তবে এর মধ্যে কোনো গোল হয়নি। ৭৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে রোনালদোর হেড থেকে। জোয়াও ফেলিক্সের নিখুঁত কর্নার থেকে ভেসে আসা বলটি রোনলদো যখন মাথা ছুঁইয়ে জালে জড়ালেন, তখন চেলসির সাবেক গোলকিপার এদুয়ার্দ মেন্ডির তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এই গোলের মধ্য দিয়ে লীগে নিজের ২৫তম গোলের কোটা পূর্ণ করলেন এই পর্তুগিজ মহাতারকা। তার সামনে শুধু আল আহলির ইভান টোনি (২৭) ও আল কাদসিয়ার জুলিয়ান কুইনোনেস।
খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, ৯০তম মিনিটে আল নাসরের শেষ গোলটি করেন কিংসলে কোম্যান। এই জয়ের ফলে টেবিলের দুইয়ে থাকা আল হিলালের সঙ্গে রোনালদোদের ব্যবধান এখন ১১ পয়েন্টের। যদিও আল হিলালের (২৯) চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে আল নাসর (৩০)। রোনালদোদের ম্যাচ বাকি মাত্র চারটি। তাতেই শিরোপার সুবাস পেতে শুরু করেছে রিয়াদ-ভিত্তিক ক্লাবটি।
পরিসংখ্যান বলছে, ৪১ বছর বয়সেও গোলক্ষুধা কমেনি রোনালদোর। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত লীগে টানা নয় মৌসুম ২৫-এর বেশি গোল করার যে কীর্তি তিনি গড়েছিলেন, সৌদি আরবের মাটিতেও তার পুনরাবৃত্তি ঘটালেন টানা তিন মৌসুম ধরে। শেষ ৯ ম্যাচে ৯ গোল করা রোনালদোর আল নাসরের হয়ে মোট গোল হলো ১২৬টি। ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক ছুঁতে রিয়াল মাদ্রিদ কিংবদন্তির প্রয়োজন আর মাত্র ৩০টি গোল।
