প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখের ম্যাচের মতো গোলবন্যায় ভাসলো না চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরলো আর্সেনাল। ম্যাচের দুটি গোলই হলো পেনাল্টি থেকে। তবে শেষ দিকে গানারদের একটি পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে প্রচুর।
ম্যাচের প্রথমার্ধে দুদলই উপহার দেয় ম্যাড়মেড়ে ফুটবল। বিরতির ঠিক আগের মিনিটে ভিক্টর ইয়োকেরেসকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন স্বাগতিকদের ডেভিড হাঙ্কো। স্পটকিক থেকে আর্সেনালকে এগিয়ে নেন ইয়োকেরেসই। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে গোল করার কীর্তি গড়েন তিনি। বিরতির পর মাঠে ফিরে পেনাল্টি থেকেই অ্যাটলেটিকোকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ। ৪১ ম্যাচে চ্যাম্পিয়নস লীগে এটি ছিল আলভারেজের ২৫তম গোল, যা আর্জেন্টাইন হিসেবে দ্রুততম। এ মাইলফলকে পৌঁছাতে লিওনেল মেসি খেলেন ৪২ ম্যাচ।
ম্যাচের শেষ দিকে দেখা দেয় উত্তেজনা। এবারও সেই হাঙ্কোর চ্যালেঞ্জে এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। এ নিয়েই ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোচনা। ডাগআউটে তখন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে বেশ ক্ষুব্ধ অবস্থায় দেখা যায়। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। আর্সেনালের মাঠে ফিরত লেগ আগামী ৫ই মে।
