‘কবে আসছো?’ প্রতি গ্রীষ্মেই এমবাপ্পেকে লিখতেন ‘এজেন্ট’ ভিনি

‘কবে আসছো?’ প্রতি গ্রীষ্মেই এমবাপ্পেকে লিখতেন ‘এজেন্ট’ ভিনি

ফন্ট সাইজ:

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে আনতে ‘এজেন্ট’-এর ভূমিকা পালন করেছেন তিনি নিজে। ইংলিশ তারকা জুড বেলিংহ্যামকেও একই পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ তারকা ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন এমবাপ্পে। ফরাসি তারকার চলতি মৌসুমের গোলসংখ্যাই ৩৮। গত মৌসুমে লা লিগার গোল্ডেন বুট জেতা এ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবারও সেই তালিকার শীর্ষে রয়েছেন। ২০২৪-এর জুলাইতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে টানার সুযোগ পায় মাদ্রিদের ক্লাবটি। নিজের স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেয়ার ইচ্ছার কথা কখনওই গোপন করেননি এমবাপ্পে। অন্যদিকে, রিয়ালে তার বর্তমানের এক সতীর্থ প্রায়ই তাকে প্ররোচিত করতো স্প্যানিশ জায়ান্টদের দলে নাম লেখাতে। তিনি আর কেউ নন, ভিনিসিয়ুস জুনিয়র।

সম্প্রতি স্প্যানিশ স্ট্রিমার ইবাই ইয়ানোসকে দেয়া সাক্ষাৎকারে এ ব্রাজিলিয়ান তারকা বলেন, “প্রতি গ্রীষ্মেই আমি ওকে (এমবাপ্পে) বার্তা পাঠাতাম ‘কবে আসছো?’ আমি যেন এজেন্টের কাজই করেছি। বেলিংহ্যামের ক্ষেত্রেও তাই করেছি। আমি সেরাদের সঙ্গে খেলতে চাই, যাতে জয়ের সম্ভাবনা বাড়ে। আমরা পরিবারের চেয়ে একে অপরের সঙ্গে বেশি সময় কাটাই। তাই সম্পর্কটাও ভালো হওয়া জরুরি।”

এক পর্যায়ে শোনা যায়, রিয়ালে মূল তারকা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এমবাপে ও ভিনির মধ্যে নাকি অস্বস্তি রয়েছে। তবে মাঠের খেলায় তেমন কিছু দেখা যায়নি। এমবাপ্পে নিজেই উড়িয়ে দেন সেই গুঞ্জন। এ প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এ বছর আরও ভালো হয়েছে, আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনেছি। সে অসাধারণ ফুটবলার, মানুষ হিসেবেও চমৎকার।’

এমবাপ্পে আরও বলেন, ‘এক দলে দুই বিখ্যাত খেলোয়াড় থাকলে সংবাদমাধ্যমে অনেক কথা হয়। মানুষ আমাদের নিয়ে সবসময় কথা বলবে, এটি স্বাভাবিক। যেদিন সত্যিই কোনো সমস্যা হবে, আশা করি কখনওই হবে না, সেদিন আমি নিজেই বলব। এখনকার বিষয়গুলো গুরুতর কিছু নয়। একজন বিখ্যাত ফুটবলার বা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের জীবনে এগুলো খুবই সাধারণ ব্যাপার।’

সম্প্রতি ভিনিকে ঘিরে সৌদি প্রো লীগে যাওয়ার গুঞ্জন সামনে আসে। উঠে এসেছে বিপুল অঙ্কের প্রস্তাবের কথাও। তবে ২০২৭ পর্যন্ত অল হোয়াইটদের সঙ্গে চুক্তিবদ্ধ এ সেলেসাও তারকা জানান, তিনি স্পেনেই সুখী, এমনকি চুক্তি নবায়ন নিয়েও ভাবছেন। তিনি বলেন, ‘আমি (এখানে) খুবই সুখী। রিয়াল মাদ্রিদের হয়ে খেলছি, আমার পরিবার আছে, এই জীবন আমাকে আনন্দ দেয়। মাঠে ও মাঠের বাইরে সুখী থাকাটাই সবচেয়ে বড় বিষয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন