জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুধবার সংসদ অধিবেশন চলাকালে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়লে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আলোচনার সময় বগুড়া-৫ আসনের সরকারি দলের সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, মাননীয় সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কি অসুস্থ? এখানে একজন ডাক্তার উপস্থিত রয়েছেন, আমরা পাঠাচ্ছি। ডাক্তার যাচ্ছেন ওখানে।
ওদিকে, সংসদ অধিবেশনের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।
