বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম তালুকদার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করে তাকে তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন।
তদন্ত সংস্থার আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডে অর্থ জোগানের সঙ্গে আফজাল নাছের ভূঁইয়ার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তদন্তে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, অর্থের উৎস ও লেনদেনের পথ অনুসন্ধান এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে তাকে পুনরায় রিমান্ডে নেয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর উত্তরা-পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা-পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৩০শে মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আফজাল নাছের ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এরপর থেকে মামলার তদন্তের স্বার্থে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
