হুমকি দিলে বিরোধী দলকে রাজপথেই জবাব দেয়া হবে: ইশরাক হোসেন

ফন্ট সাইজ:

সরকারকে পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বর্তমান সরকারের বৈধতা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই; ২০১৪, ১৮ কিংবা ২৪-এর (পূর্ববর্তী সরকার) মতো নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত হয়ে এই সংসদে এসেছি। আমাদের যদি কেউ হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই-আপনি খালি হুকুম দেবেন। বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনাকে পতন করেছি, একইভাবে এবারো আমরা রাজপথে অবস্থান নেবো।

তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাকে এপ্রিশিয়েট করি। কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে, ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
প্রতিমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলো, বিরোধীদলীয় নেতাও ইতিবাচক বক্তব্য রাখলেন। কিন্তু পরের দুইদিন সংসদ বন্ধ থাকাকালীন তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় জনগণকে উস্কানি দিয়েছেন। এমনকি ১৭ দিনের মধ্যে সরকার হটানোর হুমকিও দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কোনো বিভক্তির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে আমাদের একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবার ফিরে আসে, তবে আন্দোলনকারীদের কী অবস্থা করবে, তা কি আপনারা ভেবে দেখেছেন?

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন