বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে আছে ক্লাবটি। লীগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে কিংস। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লীগ শিরোপার সুবাস পাচ্ছে তারা। দুইয়ে থাকা আবাহনী লিমিটেডের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে কিংস। তাদের বিপক্ষে আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু’দলে মধ্যকার ম্যাচ শুরু বিকাল সাড়ে ৩টায়। এ ম্যাচে জিতলে লীগে ষষ্ঠ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগুবে কিংস। পেশাদার লীগে কমিটির পূর্বঘোষিত সূচিত অনুযায়ী ১লা মে ১৫তম রাউন্ডের লড়াই শুরু হওয়ার কথা।
তবে তৃণমূল থেকে সরকারের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁিড় স্পোর্টস’ এর উদ্যোগ সফল করতে লীগের সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন ঘোষণা অনুযায়ী, ১লা মে’র নির্ধারিত খেলাগুলো আজ অনুষ্ঠিত হবে। আর ২রা মে’র ম্যাচগুলো হবে ১লা মে। সূচিতে বদল আসায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্লাবগুলো। এ কারণে তড়িঘড়ি করে গতকাল কুমিল্লার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস ক্লাবও তড়িঘড়ি করে ঢাকা ছাড়ে। তবে লীগের খেলা এগিয়ে আসলেও আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ফেডারেশন কাপের সূচি অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে বাফুফে। লীগে ব্যর্থতার কারণ দেখিয়ে গত ১২ই এপ্রিল মোহামেডানের কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে ক্লাবটির কর্তৃপক্ষ। সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া হয়। এরপর লীগ ও ফেডারেশন কাপ মিলে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে মোহামেডান। পাঁচ দিন আগে লীগে পিডব্লিউডি ক্লাবকে ৩-১ গোলে হারায় সাদা-কালোরা।
প্রথম পর্বে মোহামেডান-কিংস লড়াই গোলশূন্য ড্র হয়। লীগে শেষ পর্যায়ে এসে প্রতিটি পয়েন্টই এখন সোনার হরিণ। মোহামেডানের বিপক্ষে জয় পেলে কিংসের পয়েন্ট দাঁড়াবে ৩৪। তখন দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাবে কিংস। কিন্তু হারলে বা ড্র করলে শিরোপা লড়াই শেষ ম্যাচ পর্যন্ত গড়ানোর সম্ভাবনা তৈরি হবে। লীগে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ছয়ে রযেছে মোহামেডান।
ব্রাদার্সের জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ
মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে মাঠে নামছে ব্রার্দাস ইউনিয়ন-আরামবাগ ক্রীড়া চক্র। ১৪ রাউন্ড শেষে দুদলের সমান ১৩ পয়েন্ট। আজ ব্রার্দাস জিতলে টেবিলের সাতেই থাকবে দলটি। আর আরামবাগ জিতলে একধাপ এগুবে। তখন একধাপ পিছিয়ে আটে চলে যাবে ব্রাদার্স।
