টানা ছয় বলে ছয় উইকেট

ফন্ট সাইজ:

ক্রিকেটে টানা তিন বলে তিন উইকেট মানেই হ্যাটট্রিক, আর টানা চার বলে উইকেট হলে তাকে বলা হয় ডাবল হ্যাটট্রিক। তবে ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস যা করে দেখালেন, তা এই দুই কীর্তিকেও ছাড়িয়ে গেছে। টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে তিনি গড়েছেন অবিশ্বাস্য এক রেকর্ড। গত শনিবার ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লীগের প্রিমিয়ার ডিভিশনে পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের ম্যাচে এই বিরল ঘটনা ঘটে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে ১৬৮ রান তোলে পেনক্রিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিসের তোপে মাত্র ১২.৫ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায় পেলসাল। পুরো ম্যাচে ১৬ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন ডেভিস। এর মধ্যে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে তিনি করেন জোড়া হ্যাটট্রিক।

৮ ওভার শেষে পেলসালের স্কোর ছিল ২ উইকেটে ৪৯ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিস। নিজের পঞ্চম ওভারে একটি ওয়াইড দিয়ে শুরু করলেও শেষ দুই বলে পিটার স্টিভেন্স ও এহসান আকবরকে বোল্ড করেন তিনি। এরপর হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে অধিনায়ক জ্যাক পোপ ১১তম ওভারে আবার তাকে আক্রমণে আনেন। নিজের পরের ওভারের প্রথম বলেই অ্যালেক্স জোন্সকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস। এরপর টানা তিন বলে ড্যানিয়েল পেন্নেল, টম রাইট ও জেমি হলমেসকে বোল্ড করে পূর্ণ করেন অবিশ্বাস্য জোড়া হ্যাটট্রিক।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন