ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ধরে রাখতে তৎপর ঢাকা

ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ধরে রাখতে তৎপর ঢাকা

ফন্ট সাইজ:

ইউরোপের বাজারে অগ্রাধিকারের ভিত্তিতে প্রবেশাধিকার ধরে রাখতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছে ঢাকা। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর গতকাল বুধবার এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে ঢাকার বৈঠক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ইইউর ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জভাইল।

উভয় পক্ষ সম্প্রতি বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) প্রাথমিক অনুমোদনকে স্বাগত জানায় এবং আশা প্রকাশ করে, অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি কাঠামোবদ্ধ ও বিস্তৃত ভিত্তি তৈরি করবে। বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয় এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ‘হরাইজন ইউরোপ’-এ আরও বিস্তৃত অংশগ্রহণের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশ শ্রম খাতে সংস্কারের অগ্রগতি তুলে ধরে নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে বাংলাদেশ তার ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এবং জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে বাড়তি সহায়তা কামনা করে। এ ক্ষেত্রে ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় সহযোগিতার কথাও তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও টেকসই মনোযোগ প্রয়োজন বলে পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন